
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাপাহার উপজেলা শাখার আয়োজনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সাপাহার উপজেলা পাইলট উচ্চবিদ্যালয় মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক নান্নু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নূরে আলম মিঠু, খাইরুল আলম গোল্ডেন, সাপাহার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সদস্য অধ্যক্ষ মো. আব্দুন নূর, নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট ইকবাল জামিল চৌধুরী লাকীসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ।
জনসভায় সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) এবং সঞ্চালনা করেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সারোয়ার জাহান চৌধুরী (লাবু)।
জনসভায় বক্তব্যে ধানের শীষের মনোনীত প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান বলেন, “আজকের এই জনসভা প্রমাণ করে সাপাহারের মানুষ ধানের শীষকে কতটা ভালোবাসে। আমরা নতুন রাজনীতি শুরু করতে চাই, যেখানে মা-বোন ও তৃণমূলের নেতারাই হবে ক্ষমতার মূল উৎস।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে সাপাহার, পোরশা ও নিয়ামতপুরের জনগণই হবে তার শক্তির ভিত্তি। সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি। পাশাপাশি নওগাঁ-১ আসনকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন এবং অবকাঠামো ও শিক্ষার উন্নয়নের কথাও উল্লেখ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত বলেন, “নিয়ামতপুর, পোরশা ও সাপাহারবাসীর কাছে অনুরোধ—আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে জননেতা মোস্তাফিজুর রহমানকে বিজয়ী করবেন, ইনশাআল্লাহ।”
জনসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
মান্দা (নওগাঁ) প্রতিনিধি 















