
“কৃষক কার্ড হাতে থাকলে, সেবা পাবেন সাথে সাথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে ‘কৃষক স্মার্ট কার্ড’ বিতরণ ও কৃষি উপকরণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টায় আত্রাই উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারি কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে কৃষকদের কৃষি সহায়তা ও প্রণোদনা পৌঁছে দেওয়ার উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে আত্রাইয়েও এ কার্যক্রম শুরু হয়। কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।
আত্রাই উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার পতিসর ব্লকের প্রান্তিক কৃষকদের মধ্যে প্রতীকীভাবে ‘কৃষক স্মার্ট কার্ড’ বিতরণ করা হয়। কার্ডের মাধ্যমে কৃষকদের সরকারি কৃষি সেবা, প্রণোদনা ও বিভিন্ন সহায়তা কার্যক্রমের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু। তিনি বর্তমানে নওগাঁ-৬ আসনের নির্বাচিত সংসদ সদস্য।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান সরদার ও নিয়ামত আলী বাবু, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ খায়রুল আলম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং পতিসর ব্লকের উপকারভোগী প্রান্তিক কৃষকেরা।
অনুষ্ঠানে বক্তারা কৃষকদের সরকারি সেবা সহজলভ্য করা, কৃষি উপকরণ সহায়তা পৌঁছে দেওয়া এবং কৃষকদের তথ্যভিত্তিক সেবার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।
পরে অনুষ্ঠানের শেষে উপকারভোগী কৃষকদের হাতে প্রতীকীভাবে ‘কৃষক স্মার্ট কার্ড’ তুলে দেওয়া হয়।
নিজস্ব প্রতিবেদক 








