
কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৫টায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কুড়িগ্রাম সদর উপজেলা ও নাগেশ্বরী উপজেলা দল। টুর্নামেন্ট ঘিরে জেলা স্টেডিয়ামে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের এমপি ড. আতিকুর রহমান মুজাহিদ, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি পিপিএম, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব এবং কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ বিভিন্ন উপজেলা থেকে আসা খেলোয়াড় ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এর আগে মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু রাজারহাট উপজেলায় নতুন ভবনের উদ্বোধন করেন। পরে সদর উপজেলার দাসেরহাট আরডিআরএস বাজারসংলগ্ন এলাকায় ইএসডিও আয়োজিত উন্নয়ন মেলার উদ্বোধন করেন তিনি।
এ ছাড়া কুড়িগ্রাম সার্কিট হাউসে দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী।
কুড়িগ্রাম প্রতিনিধি 








