
নওগাঁর আত্রাই উপজেলার নন্দীগ্রামে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে প্রাচীন কবরস্থান সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কবরস্থান সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আল হাইথাম কল্যাণ ট্রাস্টের পরিচালক মো. আনিছুল ইসলাম শাহেদ। এ সময় তাঁর পিতা মোহাম্মদ শাহ, মাতা, সহধর্মিণীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে মো. আনিছুল ইসলাম শাহেদ বলেন, দীর্ঘদিন সংস্কারের অভাবে নন্দীগ্রামের প্রাচীন কবরস্থানটিতে এলাকাবাসীকে নানা সমস্যার সম্মুখীন হতে হতো। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে কবরস্থানটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। মানবসেবা ও সামাজিক উন্নয়নে আল হাইথাম কল্যাণ ট্রাস্ট আগামীতেও কাজ করে যাবে।
এলাকাবাসী জানান, কবরস্থান সংস্কারে ট্রাস্টের এমন মহতী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি 








