
নাটোরের নলডাঙ্গা থানার সামনে কাভার ভ্যানের চাপায় মো. আইয়ুব আলী (৪৬) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে দুর্ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী নলডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত দুখাই আলীর ছেলে।
থানা ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বগুড়া থেকে মালামাল নিয়ে আসা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাভার ভ্যান নলডাঙ্গা থানার সামনে পৌঁছালে সেখানে অবস্থানরত ভ্যানচালক আইয়ুব আলীকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর পুলিশ কাভার ভ্যানটি জব্দ করে। একই সঙ্গে কাভার ভ্যানের চালক শ্রী সঞ্জীব চন্দ্র দাস (৩৫) ও ম্যানেজার মো. তৌহিদ মন্ডল (২০) কে আটক করা হয়। তাদের বাড়ি বগুড়া জেলায় বলে জানিয়েছে পুলিশ।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম জানান, দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি 
















