
নওগাঁর আত্রাইয়ে শারীরিক প্রতিবন্ধী মিজানুর রহমানকে স্বাবলম্বী করে গড়ে তুলতে ১ লাখ টাকা সমমূল্যের মালামালসহ একটি পূর্ণাঙ্গ মুদি দোকান উপহার দিয়েছে সামাজিক সংগঠন আল হাইথাম কল্যাণ ট্রাস্ট।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার খরসতি বাজারে এ দোকান উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন ট্রাস্টের পরিচালক মো. আনিছুল ইসলাম শাহেদ, তাঁর পিতা মোহাম্মদ শাহ, মাতা ও সহধর্মিণীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় মো. আনিছুল ইসলাম শাহেদ বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরাও উপযুক্ত সুযোগ ও সহযোগিতা পেলে স্বাবলম্বী হতে পারেন। অসহায় মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও মানবকল্যাণে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ট্রাস্টের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি 








