
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার ভয়াবহ বোমা হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। প্রাথমিকভাবে ২৭ জন নিখোঁজ থাকার খবরও পাওয়া গেছে। সোমবার (২ নভেম্বর) কমিশুভাখা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
জাপোরিঝিয়া অঞ্চলের প্রধান মাইখাইলো সেমিকিন জানান, গ্রামটিতে অন্তত নয়টি তিন হাজার কেজি ওজনের বোমা নিক্ষেপ করা হয়। এতে ব্যাপক হতাহতের পাশাপাশি ত্রাণ বিতরণ কেন্দ্র ও আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ হামলাকে ‘অত্যন্ত ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন। তিনি জানান, মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হতো এমন একটি স্থানীয় স্কুলে প্রথমে হামলা চালানো হয়। পরে মানুষ আশ্রয় নিয়েছিল এমন স্থানেও দ্বিতীয় দফায় আঘাত হানা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে হামলার পর সৃষ্ট বিশাল গর্ত ও ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীদের তল্লাশি চালানোর দৃশ্য তুলে ধরেন জেলেনস্কি। তবে এ হামলার বিষয়ে রাশিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
হামলার পর প্রথমে নিহতের সংখ্যা ১৮ বলে জানিয়েছিলেন জেলেনস্কি। পরে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ (ডিএসএনএস) ২৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে। নিহতদের মধ্যে দুজন উদ্ধারকর্মী ও চারজন পুলিশ সদস্য রয়েছেন। সোমবার রাতে দেওয়া এক ভিডিও ভাষণে জেলেনস্কি নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেন।
জেলেনস্কি বলেন, কমিশুভাখা গ্রামে অবস্থানরত স্থানীয় বাসিন্দারা প্রতি সোমবার মানবিক সহায়তা নিতে ওই কেন্দ্রে আসেনএ বিষয়টি রুশ সেনাদের অজানা থাকার কথা নয়। তার মতে, এ হামলার মধ্য দিয়ে রাশিয়া আবারও প্রমাণ করেছে যে তারা যুদ্ধের উত্তেজনা কমাতে বা পরিস্থিতির উন্নতি ঘটাতে আগ্রহী নয়।
এ সময় যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় রাশিয়া-অধিকৃত দক্ষিণাঞ্চলীয় শহর ওলেশকি থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার একটি যৌথ অভিযানের কথাও উল্লেখ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, একসময় মনে হয়েছিল শান্তির পথে অগ্রগতি সম্ভব। কিন্তু এ ধরনের হত্যাকাণ্ডের মাধ্যমে রাশিয়া তার বিপরীত বার্তা দিচ্ছে।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। গত ফেব্রুয়ারিতে শান্তি আলোচনা স্থগিত হওয়ার পর আগামী কয়েক দিনের মধ্যে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে আবারও শান্তি আলোচনা শুরুর কথা রয়েছে।
সূত্র: বিবিসি
আ.আ. ডেস্ক রিপোর্ট 











