
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হককে অপমান, লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দিয়ে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগে দায়ের করা মামলায় আব্দুস সালাম (৫৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এজাহারভুক্ত আসামি নন। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে নগরীর প্যারামেডিকেল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার বিষয়টি নিশ্চিত করেন রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ।
পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে একদল ব্যক্তি মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ে প্রবেশ করেন। তারা উপাচার্যকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে বিভিন্ন অভিযোগ তোলেন। একপর্যায়ে উপাচার্য ও তার ব্যক্তিগত সহকারী (পিএস) নাজমুল হোসাইনকে লাঞ্ছিত করা এবং জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ওঠে। নাজমুল স্বাক্ষর করতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় বলেও অভিযোগ রয়েছে।
উপাচার্য দাবি করেন, প্রাণনাশের হুমকি ও শারীরিক চাপ প্রয়োগ করে তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। এ সময় তার কার্যালয় থেকে কম্পিউটারের সিপিইউ ও সিসিটিভির হার্ডডিস্ক খুলে নেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দেওয়ার অভিযোগও করেন তিনি।
ঘটনায় পিএস নাজমুল হোসাইন বাদী হয়ে রাজপাড়া থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন।
ওসি আবুল কালাম আজাদ বলেন, তদন্তে আব্দুস সালামের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হবে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে উপাচার্যকে জোর করে পদত্যাগে বাধ্য করার অভিযোগের প্রতিবাদে বুধবার রামেবি ক্যাম্পাসে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি, উপাচার্যের পদত্যাগপত্র বাতিল এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
নিজস্ব প্রতিবেদক রাজশাহী 


















