
নওগাঁর আত্রাইয়ে ছাগলে সিমের গাছ খাওয়াকে কেন্দ্র করে মিম হোসেন (১৯) নামে এক যুবকের কিল-ঘুষিতে ইয়াছিন মন্ডল (৮০) নামে এক বৃদ্ধ নিহত হওয়ার অভিযোগ উঠেছে। সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ উপজেলার মধুগুড়নই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়াছিন মন্ডল ওই গ্রামের গরিবুল্লা মন্ডলের ছেলে।
খবর পেয়ে পুলিশ দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত ইয়াছিন মন্ডলের ছেলে সারোয়ার হোসেন জানান, আমরা সবাই আহসানগঞ্জ বাজারে ছিলাম। সকাল অনুমান সাড়ে ৯টা নাগাদ একই গ্রামের রহিদুল ইসলামের ছেলে মিম হোসেনের ছাগল আমাদের লাগানো সিম গাছের পাতা খাচ্ছিল। এ নিয়ে মিম হোসেন ও আমার বাবার মধ্যে তর্ক হচ্ছিল।
তিনি অভিযোগ করে বলেন, এক পর্যায়ে মিম হোসেন বাবাকে কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে দেন। এতে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে আত্রাই হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সারোয়ার দাবি করেন, মিম হোসেন তাঁর বাবার বুকে শক্তভাবে আঘাত করায় তিনি মারা গেছেন। তিনি এই হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
তবে আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ খায়রুল আলম বলেন, বৃদ্ধকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন। আমরা তাঁকে মৃত অবস্থায় পেয়েছি। তাঁর শরীরে প্রাথমিকভাবে আঘাতের চিহ্ন দেখতে পাইনি।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, খবর পেয়ে দুপুরে বৃদ্ধের মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বৃদ্ধের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিজস্ব প্রতিবেদক 

















