
নওগাঁর আত্রাইয়ে ‘ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় আত্রাইয়ের মোল্লা আজাদ সরকারি কলেজ মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সহসভাপতি এস এম মঞ্জুরুল আলম মঞ্জু, মো. সাইফুল ইসলাম মৃধা, উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক মো. খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা মো. আনিসুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন মীর, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সোহেল রানা।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সম্রাট হোসেন, তোফাজ্জল হোসেন তোফা, মো. আফজাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।
উদ্বোধনী খেলায় পাঁচুপুর ও আহসানগঞ্জ ইউনিয়নের বালক ও বালিকা দল অংশগ্রহণ করে। মাঠে উপস্থিত দর্শকরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্বোধনী ফুটবল খেলা উপভোগ করেন।
আয়োজকরা জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ করে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলা হবে।
তারা আরও জানান, আত্রাই উপজেলায় এ কর্মসূচিতে মোট ১২টি দল অংশগ্রহণ করবে। এর মাধ্যমে শিশু-কিশোরদের খেলাধুলায় আগ্রহ বাড়ার পাশাপাশি নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন আয়োজকরা।
নিজস্ব প্রতিবেদক 












