
জামালপুর শহরে চুরি করতে এসে স্থানীয়দের ধাওয়ার মুখে প্রাণ বাঁচাতে ডাব গাছে উঠে বিপাকে পড়েন এক যুবক। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা গাছে অবস্থানের পর ফায়ার সার্ভিস ও পুলিশের চেষ্টায় অবশেষে নিচে নেমে আসেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের টিক্কাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টার দিকে তাকে গাছ থেকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই যুবক টিক্কাপট্টি এলাকায় চুরি করতে আসেন বলে সন্দেহ করেন স্থানীয়রা। এ সময় তাকে ধাওয়া করলে পালানোর চেষ্টা করে একটি ডাব গাছে উঠে পড়েন তিনি। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গাছ থেকে নামতে সাহস পাননি ওই যুবক।
পরে রাত ১০টার দিকে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধারের চেষ্টা শুরু করেন। প্রায় আড়াই ঘণ্টা ধরে নানা কৌশলে তাকে নিচে নামানোর চেষ্টা করা হয়। এমনকি বুঝিয়ে ও টাকার প্রলোভন দেখিয়েও প্রথম দিকে তাকে নামানো সম্ভব হয়নি। একপর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে তিনি নিজেই গাছ থেকে নেমে আসেন।
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার রবিউল ইসলাম বলেন, চুরি করতে এসে এক যুবক ডাব গাছে আটকা পড়েছেন এমন খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। প্রথমে ওই যুবক গাছ থেকে নামতে রাজি হননি। তার ধারণা ছিল, নিচে নামলেই পুলিশ তাকে আটক করবে।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে তাকে বুঝিয়ে নিচে নামানোর চেষ্টা করা হয়। একপর্যায়ে সাড়ে তিন ঘণ্টা পর তিনি নিজেই গাছ থেকে নেমে আসেন। ওই যুবক অনেকটা ভীতসন্ত্রস্ত ছিলেন। পরে তাকে বুঝিয়ে স্বাভাবিক অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে।
জামালপুর প্রতিনিধি 












