
নওগাঁর আত্রাইয়ে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকাল ৪টায় আত্রাই উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আত্রাই উপজেলা শ্রমিক দলের আয়োজনে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সাখিদার, সাবেক আহ্বায়ক আব্দুল জলিল চকলেট, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর ও আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, জাতীয়তাবাদী শ্রমিক দল আত্রাই উপজেলা সভাপতি মোতালেব হোসেন মোতা, সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল হোসেন, আত্রাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী মাজেদুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শ্রমিক দলের নেতাকর্মীরা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তসলিম উদ্দিন সাখিদার বলেন, শহীদ জিয়াউর রহমান স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে গণতন্ত্র ও উন্নয়নের শক্ত ভিত্তি গড়ে তুলেছিলেন। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেন। কৃষি, শিল্প ও অর্থনীতিতে তাঁর অবদান জাতি চিরকাল স্মরণ করবে।
তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শই বিএনপির রাজনীতির মূল প্রেরণা। তাঁর দেখানো পথ অনুসরণ করেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করা হবে। এ সময় তিনি বিএনপির ভোট ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা প্রদান করেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক 









