
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণপ্রচারণা শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক উদ্যোগে ও সচেতন ছাত্রসমাজের সক্রিয় অংশগ্রহণে ওই প্রচারণা কার্যক্রম নতুন মাত্রা পেয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) রাত ৮টা থেকে আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সাধারণ ছাত্রদের নেতৃত্বে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে লিফলেট বিতরণ ও জনসংযোগ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় তারা সাধারণ জনগণের মাঝে গণভোটের গুরুত্ব তুলে ধরে ‘হ্যাঁ’ ভোট প্রদানের উপকারিতা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন।
প্রচারণাকালে বক্তারা বলেন, ‘হ্যাঁ’ ভোট দেশের গণতন্ত্রকে শক্তিশালী করবে, জনগণের মতামতের প্রতিফলন ঘটাবে এবং একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।
তারা আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণ সরাসরি রাষ্ট্র পরিচালনায় মত প্রকাশের সুযোগ পায়, যা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবশক্তির সংগঠক তুষার আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁ জেলা শাখার সদস্য সচিব দেওয়ান মেহেদী, বিশিষ্ট চিকিৎসক ও মানবাধিকার কর্মী মোজাক্কেরুল ইসলাম মুজাক্কির, আত্রাই উপজেলা যুবশক্তির সদস্যবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, গণভোট একটি ঐতিহাসিক সুযোগ—এ সুযোগ কাজে লাগিয়ে দেশের ভবিষ্যৎ গঠনে সবাইকে সচেতনভাবে ‘হ্যাঁ’ ভোট প্রদান করতে হবে। তারা আশা প্রকাশ করেন, আত্রাই উপজেলার সর্বস্তরের মানুষ গণভোটে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্রের পক্ষে শক্ত অবস্থান নেবে।
নিজস্ব প্রতিবেদক 













