
নওগাঁর মহাদেবপুরে ড্রাম্প ট্রাকের চাপায় পাঁচ আদিবাসী কৃষক নিহত হয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) ভোর সাড়ে ৪টায় উপজেলার মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক সড়কের শিবপুর পাঠকাঠি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নূরপূর এলাকার মৃত কোকো পাহানের ছেলে বীরেন পাহান (৩৫), মৃত নরেন পাহানের ছেলে উজ্জল পাহান (৩৮), ঝটু পাহানের ছেলে বিপুল পাহান (২৫), মৃত মাংরা উড়াও এর ছেলে সঞ্জু উড়াও (৪৫) এবং ঝটু পাহানের ছেলে বিপ্লব বাহান (২২)। 
থানা পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, ভোরে নিজেদের জমিতে উৎপাদিত হলুদ বিক্রি করতে নূরপূর থেকে ব্যাটারিচালিত ভ্যানযোগে মহাদেবপুর হাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন পাঁচ আদিবাসী কৃষক। পথে ভ্যানটি মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক সড়কের পাঠকাঠি এলাকায় পৌঁছালে দ্রুত গতিতে আসা একটি ড্রাম্প ট্রাক তাদের চাপা দেয়। পরে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে নিহত অবস্থায় চার জন এবং আশঙ্কাজনক অবস্থায় একজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ফায়ার সার্ভিস ভর্তি করায় স্থানীয়রা।
মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইমরুল কায়েস বলেন, ফায়ার সার্ফিস দুই দফায় পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে এনেছিলো। তাদের মধ্যে ৪ জন আগেই মারা গেছেন। বাকী একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ডাম্প ট্রাকটি সড়কের পাশের একটি খালে ফেলে রেখে চালক ও হেলপার পালিয়ে গেছে। এবিষয়ে আইনগত ব্যবস্থ্যা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি 









