
নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচ কৃষক নিহত হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারগুলোতে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারি হয়েছে উঠেছে এলাকার পরিবেশ। একমাত্র উপার্জনকারীকে হারিয়ে কেউ শোকে পাথর আবার কেউ দিশেহারা হয়ে পড়েছেন।
এলাকাবাসী বলছেন, নিহতরা সবাই পেশায় কৃষক ছিলেন। অন্যর জমি বর্গা নিয়ে তারা সবজিসহ বিভিন্ন ফসল চাষাবাদ করে জীবন-জীবিকা নির্বাহ করতেন। কিন্তু হঠাৎ করে তাদের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারগুলো অসহায় হয়ে পড়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নূরপুর এলাকার মৃত কোকো পাহানের ছেলে বীরেন পাহান (৩৫), মৃত নরেন পাহানের ছেলে উজ্জ্বল পাহান (৩৮), ঝটু পাহানের ছেলে বিপুল পাহান (২৫), মৃত মাংরা ওঁরাওয়ের ছেলে সঞ্জু ওঁরাও (৪৫) এবং ঝটু পাহানের ছেলে বিপ্লব পাহান (২২)।
থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দরা জানান, গতকাল শনিবার ভোরে নিজেদের জমিতে উৎপাদিত হলুদসহ বিভিন্ন সবজি বিক্রি করতে নূরপুর এলাকা থেকে দুটি ব্যাটারিচালিত ভ্যানযোগে মহাদেবপুর হাটে যাচ্ছিলেন ওই পাঁচ কৃষক। ভ্যানটি শিবপুর পাঠকাঠি এলাকায় পৌঁছালে দ্রুতগতিতে আসা একটি ডাম্প ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। গুরুতর একজনকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
নিহত সঞ্জু ওঁরাও এর শাশুড়ি লক্ষি বলেন, ‘আমার জামাই কৃষি কাজ করে সংসার চালাতেন। তিনিই পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। তার এমন মৃত্যুতে অচল হয়ে পড়বে পরিবারটি।’
নিহত ভ্যান চালক বিরেন পাহানের ছেলে উত্তম পাহান বলেন, ‘আমার বাবা ভ্যান চালিয়ে সংসার দেখাশুনা করতেন। আমাদের পরিবারটা যার মাধ্যমে চলতো; তিনিই এখন নেই। আমাদের সংসার দেখার মতো আর কেউ নেই।
প্রতিবেশেী নিরেন পহান, ‘এমন মর্মান্তিক মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমাদের বয়সে আমরা কোনোদিন একসাথে এত মানুষের মৃত্যু শুনিনি এবং দেখিনি। আজকে দেখলাম। সহ্য করার মতো ঘটনা না।’
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি সড়কের পাশের খালে ফেলে রেখে চালক ও হেলপার পালিয়ে যাওযায় তাদের আটক করা সম্ভব হয়নি। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’
মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, ‘একসঙ্গে পাঁচজনের মৃত্যু খুবই মর্মান্তিক একটি ঘটনা। সরকারিভাবে যেসব সুযোগ সুবিধা আছে তা নিহতদের পরিবারগুলোকে দেওয়ার ব্যবস্থা করা হবে।’
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি 









