
নাটোরের গুরুদাসপুরে গভীর রাতে বসতবাড়িতে আগুন লেগে মা ও তার দেড় বছর বয়সী শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন বৃদ্ধ শাশুড়ি। আগুনে পুড়ে গেছে একাধিক ঘর, দোকান ও গবাদিপশু। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর রাত তিনটার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে দিনমজুর রান্টু সরকারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন রান্টু সরকারের স্ত্রী আতিয়া বেগম (২৭) ও তাদের দেড় বছর বয়সী কন্যা রওজা মনি।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বাড়ির গোয়ালঘরের পাশে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বসতঘর, দোকান ও আশপাশের স্থাপনায়। এতে মোট সাতটি ঘর পুড়ে যায় এবং অন্তত ১৮টি ছাগল আগুনে মারা যায়।
ক্ষতিগ্রস্ত রান্টু সরকার জানান, স্ত্রী-সন্তানকে নিয়ে তিনি ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুনের খবর পেয়ে তিনি ঘর থেকে বেরিয়ে আসেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তার স্ত্রী আতিয়া বেগম শিশুকে বুকে নিয়ে খাটের নিচে আশ্রয় নেন। তিনি নিজে প্রাণে বাঁচলেও স্ত্রী ও সন্তানকে আর বাঁচাতে পারেননি। এ ঘটনায় তিনি সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।

প্রত্যক্ষদর্শী শাকিল ইসলাম বলেন, গোয়ালে রাখা কয়েল থেকে ধানের খড়ে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। এরপর আগুন দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে সব পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে প্রতিবেশী নেকজার আলীর একটি দোকান ও ইসলামের আটটি ছাগলও পুড়ে গেছে। এতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
গুরুতর দগ্ধ মনিকা বেগমকে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওহীদুজ্জামান রুবেল জানান, তার শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে। অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনাস্থল থেকে মা ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাবারসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে।
এদিকে খবর পেয়ে স্থানীয় জামায়াতের এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান করেন।
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি 















