
নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ চত্বরে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে আরসিসি (RCC) ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ জুন) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এই নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, ড্রেন নির্মাণে উপজেলা পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের বিশেষ বরাদ্দে ৩৬ লক্ষ ৮ হাজার ৬৭ টাকা বরাদ্দ ধরা হয়েছে।
জানা যায়, ২০২৫ সালের জুলাই মাসে বিভিন্ন গণমাধ্যমে উপজেলা পরিষদ মাঠের বেহাল অবস্থা ও জলাবদ্ধতা নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। পরবর্তীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাঠে মাটি ভরাট ও সমতলকরণ প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করা হয়।
স্থানীয়দের ভাষ্য, সামান্য বৃষ্টি হলেই মাঠে পানি জমে থাকত। দীর্ঘদিন জলাবদ্ধতার কারণে দুর্গন্ধ সৃষ্টি ও মশার উপদ্রব বৃদ্ধি পেত। ফলে মাঠে খেলাধুলা কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। তবে সংস্কার কাজের পর মাঠটি এখন শুকনো ও সমতল হওয়ায় ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলা আবারও শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মনিরুজ্জামান বলেন, “সামান্য বৃষ্টি হলেই উপজেলা পরিষদ মাঠে পানি জমে দীর্ঘদিন জলাবদ্ধতা সৃষ্টি হতো। এ সমস্যা নিরসন করা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। তাই স্থায়ী সমাধানের লক্ষ্যে উল্লেখযোগ্য বাজেটের আওতায় আরসিসি ড্রেন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আশা করছি, কাজটি সম্পন্ন হলে মাঠের জলাবদ্ধতা দূর হবে এবং এটি সারা বছর ব্যবহার উপযোগী থাকবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য মো: রেজাউল ইসলাম রেজু। এছাড়াও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরদার, ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়ামত আলী বাবু, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 








