
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়েও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সকাল ১০ টার দিকে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনিরুজ্জামান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ খায়রুল আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম, প্রধান সহকারী মো: শাহী আলম, ক্যাশিয়ার ভানু চন্দ্র দাস এবং এমটি (ইপিআই) মো: রিয়াজুল ইসলাম রাজীব প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এবার উপজেলার ৮টি ইউনিয়নে মোট ১৯৩টি কেন্দ্রে এই কর্মসূচি একযোগে পরিচালিত হবে। এই ক্যাম্পেইনে উপজেলায় মোট ২৫ হাজার ৫৫৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২ হাজার ২৮৪ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২৩ হাজার ২৭৪ জন শিশুকে একটি করে উচ্চ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
৩৮৬ জন স্বেচ্ছাসেবী কর্মী সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে কেন্দ্রগুলোতে এই ক্যাপসুল খাওয়াবেন। ক্যাম্পেইনটি সফল করতে এবং কোনো শিশু যেন বাদ না পড়ে, সেজন্য অভিভাবকদের তাদের শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 












