
নওগাঁর আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দিনমজুরের পুরো বাড়ি পুড়ে ভস্মীভূত হয়েছে। পরনের কাপড় ছাড়া আগুনের হাত থেকে কিছুই রক্ষা করতে পারেননি ওই পরিবার। এতে পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে পড়েছে। অগ্নিকাণ্ডে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
বুধবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার উত্তর বিলদরগাপাড়া গ্রামের দিনমজুর ফেরদৌস হোসেনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আব্দুর রশিদ দপ্তরির ছেলে।
ফেরদৌস হোসেন জানান, বুধবার সন্ধ্যায় বাড়িতে তালা দিয়ে তিনি মাঠে কাজ করতে যান। পরে বাড়িতে ফিরে দেখতে পান পুরো বাড়িতে আগুন জ্বলছে। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন।
একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে বাড়ির টিনের চালা, টিভি, ধান-চাল, নগদ ২০ হাজার টাকা ও আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ভস্মীভূত হয়। তিনি বলেন, আমার পরনে থাকা কাপড় ছাড়া আগুনে সবকিছু পুড়ে গেছে। রান্না করে খাওয়ার মতোও কিছু অবশিষ্ট নেই।
ফেরদৌস হোসেন আরও জানান, তাঁর নিজস্ব তেমন জায়গা-জমি নেই। দিনমজুরের কাজ করেই তিনি পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করেন। অগ্নিকাণ্ডে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তিনি জানাতে পারেননি। এ অবস্থায় পরিবারটি নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য সরকারি সহায়তা কামনা করেছেন ফেরদৌস।
এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে আপাতত দুই বান্ডিল ঢেউটিন, নগদ ছয় হাজার টাকা এবং কিছু শুকনা খাবার দেওয়া হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থানেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক 


















