
নওগাঁর আত্রাই উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান এবং কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। এ সময় সমবায়ী ও সুফলভোগীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারাও বিতরণ করা হয়।
সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), আত্রাই-এর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম। তিনি উপকারভোগীদের মাঝে সরকারি সহায়তা ও কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ৩৬ জন উপকারভোগীকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া ২৭ জনকে ৫৪ বান্ডিল ঢেউটিন বিতরণের পাশাপাশি প্রতি বান্ডিলের বিপরীতে ৩ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
অপরদিকে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ধানের বীজ, সবজির বীজ, গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও সারসহ মোট ২ হাজার ৫০৬ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ছাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন এবং সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান সরদার, আত্রাই থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক খোরশেদ আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জল হোসেন মীর, উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ খায়রুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক 








