
নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রামে একটি বাড়িতে চুরির ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে মহাদেবপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৬৪ হাজার টাকা মূল্যের চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৩১ জুলাই রাতে উত্তরগ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে বাসের যন্ত্রাংশ, রেগুলেটর, মাস্টার সিলিন্ডারসহ বিভিন্ন মালামাল চুরি হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ সুপারের নির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে চুরির সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন মহাদেবপুর উপজেলার হাতি মংগলা গ্রামের মো. বয়েজ আলী (৪০), দরিয়াপুর গ্রামের দেব বসাক (১৮) এবং গাজীপুর জেলার গাছা এলাকার মিলন ভৌমিক (২৫)।
পুলিশের দাবি, গ্রেপ্তারদের কাছ থেকে চুরি হওয়া প্রায় ৬৪ হাজার টাকা মূল্যের বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মহাদেবপুর থানা পুলিশ জানিয়েছে, এলাকায় চুরি ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি 








