
নওগাঁর আত্রাই উপজেলায় একটি ইটভাটার সামনে রাখা প্রায় সাড়ে ১৯ লাখ টাকা মূল্যের একটি ট্রাক্টর চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) গভীর রাতে উপজেলার জাম-আমরুল উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ট্রাক্টরের মালিক জাম-আমরুল উত্তরপাড়া এলাকার জুয়েল প্রামানিকের ছেলে ফয়সাল প্রামানিক জানান, কয়েকদিন ধরে স্থানীয় একটি ইটভাটার সামনে তার সোনালীকা ব্র্যান্ডের ট্রাক্টরটি রাখা ছিল। বুধবার রাতেও ঘুমাতে যাওয়ার আগে তিনি ট্রাক্টরটি দেখে যান। তবে বৃহস্পতিবার সকালে সেখানে গিয়ে দেখেন, দুর্বৃত্তরা ট্রাক্টরটি চুরি করে নিয়ে গেছে। তিনি জানান, প্রায় সাড়ে ১৯ লাখ টাকা ব্যয়ে ট্রাক্টরটি কিনেছিলেন।
চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ট্রাক্টরটি উদ্ধারে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন মালিক ও স্থানীয়রা।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ট্রাক্টর উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নিজস্ব প্রতিবেদক 















