
সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো নওগাঁর আত্রাই উপজেলার প্রবাসীদের পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন। নিহতদের পরিবারগুলোর হাতে তুলে দেওয়া হয়েছে নগদ আর্থিক সহায়তা।
সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শোকসন্তপ্ত পরিবারগুলোর হাতে প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা করে অনুদান তুলে দেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন এবং সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান সরদার। এ ছাড়া উপস্থিত ছিলেন থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম, পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নেয়ামত আলী বাবু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল হান্নানসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন এবং এই দুঃসময়ে প্রশাসন সবসময় শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে থাকবে বলে আশ্বাস দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিহত প্রবাসীদের পরিবারের সদস্যরাও।
সৌদি আরবের রাজধানী রিয়াদের খোরদাম এলাকায় একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আত্রাই উপজেলার একাধিক প্রবাসী শ্রমিক প্রাণ হারান। এই মর্মান্তিক ঘটনার পর থেকে উপজেলার বিভিন্ন গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনহারা পরিবারগুলোতে চলছে মাতম, এলাকাজুড়ে বিরাজ করছে শোকাবহ পরিবেশ।
নিজস্ব প্রতিবেদক 
















