
সারা দেশে সোমবার এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে নওগাঁর আত্রাই উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এর মধ্যে সুদরানা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে চারজন এবং আটগ্রাম ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে একজন পরীক্ষার্থী অংশ নিয়েছিল।
আত্রাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় শিক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে ৯৫০ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
সুদরানা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সালাম জানান, তাঁর প্রতিষ্ঠান থেকে চারজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করেছিল। তারা কেউ নিয়মিত শিক্ষার্থী ছিল না। ফলে চারজনের কেউই এবার উত্তীর্ণ হতে পারেনি। তবে বর্তমানে তাঁর প্রতিষ্ঠানে প্রায় ১০০ জন শিক্ষার্থী রয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে, উপজেলার আটগ্রাম ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে এবার মাত্র একজন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। ওই শিক্ষার্থীও পাস করতে পারেনি।
আটগ্রাম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার ইউনুছ আলী বলেন, দীর্ঘ প্রায় ২৪ বছর ধরে মাদ্রাসাটি এমপিও ভুক্ত না হওয়ায় অনেক শিক্ষকরা পাঠদানে অমনোযোগী হয়ে পরেছে। ফলে পড়া লেখা ভাল হয়নি।
এ বিষয়ে আত্রাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার বলেন, এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে পারব না। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাই বক্তব্য দিতে পারবেন।
নিজস্ব প্রতিবেদক 














