
নওগাঁর আত্রাইয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আত্রাই উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, আরাফাত রহমান কোকো দেশের ক্রীড়াঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন। দেশের ক্রীড়ার উন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
স্মরণসভা শেষে মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এতে আত্রাই উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন শাকিদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, সদস্য সচিব মো. আশরাফুল ইসলাম লিটন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজাদসহ থানা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ পরিচালনায় সর্বাঙ্গীন সাফল্য কামনা করে দোয়া করা হয়।
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি 

















