
নওগাঁর আত্রাই উপজেলায় প্রশাসনের অনুমতি ছাড়া সরকারি (ভিপি) সম্পত্তি থেকে গাছ কাটার অভিযোগে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার অঙ্গীকারপত্র নেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার সৈয়দপুর দক্ষিণপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, উপজেলার সৈয়দপুর দক্ষিণপাড়া এলাকায় সড়কের পাশে ভিপি সম্পত্তি থেকে গাছ কাটছিলেন মিন্টু প্রামাণিক। তিনি ভোপাড়া ইউনিয়নের সৈয়দপুর দক্ষিণপাড়া গ্রামের ওয়াহেদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ওই সম্পত্তি থেকে চারটি বড় গাবগাছ কাটেন।
গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কাটা গাছগুলো জব্দ করেন। পরে মিন্টু প্রামাণিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, সরকারি অনুমতি ছাড়া ভিপি সম্পত্তি থেকে গাছ কাটার সুযোগ নেই। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছগুলো জব্দ করে অভিযুক্তকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কাজ না করার মর্মে তার কাছ থেকে অঙ্গীকারপত্র নেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা রোধে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক 

















