
নওগাঁর আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বান্দাইখাড়া এলাকায় ইউনিয়ন ভূমি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি রেজাউল ইসলাম রেজু।
জানা গেছে, ২ কোটি ২ লাখ টাকা ব্যয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের আধুনিক ভবনটি নির্মাণ করা হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), নওগাঁ প্রকল্পটি বাস্তবায়ন করবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, তৃণমূল পর্যায়ের মানুষের দোরগোড়ায় আধুনিক ও ডিজিটাল ভূমিসেবা পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য। ভূমিসেবাকে সহজ, স্বচ্ছ ও হয়রানি মুক্ত করতে ডিজিটাল ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, নতুন ভবনটি নির্মিত হলে হাটকালুপাড়া ও কালিকাপুর ইউনিয়নের সাধারণ মানুষকে ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা নিতে দূর-দূরান্তে যেতে হবে না। এতে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি সেবাগ্রহীতাদের ভোগান্তিও কমবে।
সরকারি সম্পত্তির সঠিক ব্যবস্থাপনা ও সংরক্ষণ এবং সাধারণ মানুষের প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আধুনিক ও ডিজিটাল ভূমিসেবার পরিধি তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সরকার কাজ করছে। নতুন এই কার্যালয়ের নির্মাণকাজ শেষ হলে হাটকালুপাড়া ও কালিকাপুর ইউনিয়নের বাসিন্দারা একই ছাদের নিচে সহজ, দ্রুত ও স্বচ্ছভাবে প্রয়োজনীয় ভূমিসেবা গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান সরদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী। হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন সরদার, সহ-সভাপতি স ম সাজ্জাদ হোসেন তোতা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, আনোয়ার হোসেন তরফদার, যুগ্ম সম্পাদক ময়েনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মহসিন আলী বাদলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নতুন ভবনটি নির্মাণের মধ্য দিয়ে দুই ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের ভূমিসেবা-সংক্রান্ত ভোগান্তি কমবে এবং স্থানীয় পর্যায়ে ভূমি ব্যবস্থাপনায় আরও গতি ও স্বচ্ছতা আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
নিজস্ব প্রতিবেদক 

















