
নওগাঁর আত্রাইয়ে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে রাসায়নিক সার বিক্রির অভিযোগে তিন সার ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার সাহেবগঞ্জ ও জয়সাড়া বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে সাহেবগঞ্জ বাজারের কনক মনি বীজ ভাণ্ডারের মালিক আব্দুল কুদ্দুসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জয়সাড়া বাজারের সার ব্যবসায়ী হাবিবুর রহমানকে ২ হাজার টাকা এবং মিজানুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান জানান, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। কৃষকদের স্বার্থে নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে আত্রাই থানার পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি 















