
নানা আয়োজনের মধ্য দিয়ে নওগাঁর রাণীনগরে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন, রাণীনগরের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মকে কেন্দ্র করে বর্ষব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের সূচনা হলো।
সোমবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন চৈতি, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান বাবু, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংস্কৃতিপ্রেমী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও মো. রাকিবুল হাসান বলেন, “বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় চেতনার এক অনন্য প্রতীক। তিনি তাঁর সাহিত্যকর্মের মাধ্যমে দেশপ্রেম, অন্যায়ের প্রতিবাদ ও সাম্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।”
তিনি আরও বলেন, কবির কবিতা, গান, প্রবন্ধ ও উপন্যাস পাঠ এবং চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা সাংস্কৃতিক চর্চায় আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি জাতীয় চেতনা ও মানবিক মূল্যবোধ বিকাশে নজরুলের সাহিত্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে তা জাতীয় জীবনে প্রয়োগ করার আহ্বান জানান।
পরে রাণীনগর উপজেলা শিল্পকলা একাডেমি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আয়োজকরা জানান, আগামী ৩ সেপ্টেম্বর থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হবে। বিভিন্ন ইভেন্ট ও গ্রুপে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ে গিয়ে শেষ হবে।
উল্লেখ্য, সরকার গত ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছে।
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 







