
নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে আবু জাফর সিদ্দিক ও রফিকুল ইসলাম নামে দুইজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়। সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে আবু জাফর সিদ্দিক এবং খট্রেশ্বর গ্রামের জহুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন জানান, সোমবার নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই তাজুল ইসলাম রাণীনগর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় খট্রেশ্বর পুরাতন হাটখোলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে আবু জাফর সিদ্দিক ও রফিকুল ইসলামকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। সাজা শেষে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 


















