
বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে যশোর-পার্বতীপুর রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা যায়, কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার স্টেশন এলাকায় প্রবেশের সময় পেছনে থাকা লাগেজ ভ্যানের একটি বগি ত্রুটির কারণে লাইনচ্যুত হয়। এতে রেলপথে ট্রেন চলাচল বাধাগ্রস্ত হয়।

বগি লাইনচ্যুত হওয়ার পর যশোর-পার্বতীপুর রুটে চলাচলকারী ট্রেনগুলোকে বিভিন্ন স্থানে সাময়িকভাবে থামিয়ে রাখা হয়েছে। ফলে ওই রুটের যাত্রীদের সাময়িক ভোগান্তিতে পড়তে হয়েছে।
সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার খাতিজা খানম বলেন, “কুড়িগ্রাম এক্সপ্রেসের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে। লাইন মেরামতের কাজ চলছে। মেরামত শেষ হলে যেকোনো সময় ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।”
রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত লাইন সচল করে ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য কাজ করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নিজস্ব প্রতিনিধি নওগাঁ 

















