
নওগাঁর রাণীনগরে তৃতীয় শ্রেণির ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোজাম্মেল হক মোজা (৭০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পারইল বাজারে এ ঘটনা ঘটে। আটক মোজাম্মেল হক মোজা উপজেলার পারইল গ্রামের মৃত আব্দুল প্রামাণিকের ছেলে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শিশুটির মায়ের অভিযোগ, তার মেয়ে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে স্কুলে যাওয়ার পর সহপাঠীদের সঙ্গে পারইল বাজারে খাবার জিনিস কিনতে মোজাম্মেল হক মোজার দোকানে যায়। এ সময় অন্য সহপাঠীরা প্রয়োজনীয় জিনিস কিনে সেখান থেকে চলে গেলেও দোকানদার মোজা শিশুটিকে ডেকে দোকানঘরের ভেতরে নিয়ে যান।
অভিযোগ অনুযায়ী, দোকানঘরের ভেতরে শিশুটির পরনের কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করা হয়। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং মোজাম্মেল হক মোজাকে আটক করে রাখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত বৃদ্ধের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে।
সোমবার বিকেল ৫টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয়রা মোজাম্মেল হক মোজাকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 

















