
নওগাঁ শহরে গায়ে ময়লা ছিটিয়ে অভিনব কায়দায় ছিনতাইয়ের সময় আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে নওগাঁ সদর থানা পুলিশ। এ সময় ছিনতাই হওয়া ৩০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের সোনাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এস এম আতাউর রহমান সোনাপট্টির সোনালী ব্যাংক থেকে ৩০ হাজার টাকা উত্তোলন করে বাড়ির উদ্দেশে ফিরছিলেন। পথে পেছন থেকে এক ব্যক্তি তাকে বলেন, “মুরুব্বি, আপনার শার্টের পেছনে ময়লা লেগেছে।” কিছুদূর যাওয়ার পর আরেক ব্যক্তি তাকে বলেন, তার শার্ট ও প্যান্টেও অনেক ময়লা লেগেছে এবং তারা পরিষ্কার করে দিতে পারবেন।
ওই কথায় বিশ্বাস করে আতাউর রহমান মসল্লাপট্টির পালের দোকানের সামনের একটি গলিতে থাকা চায়ের দোকানে যান। সেখানে বেঞ্চের ওপর মোবাইল ফোন ও টাকার ব্যাগ রেখে পানি নেওয়ার সময় সুযোগ বুঝে তার টাকা নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে ওই দুই ব্যক্তি।
এ সময় স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে তাদের ধাওয়া করে আটক করেন। পরে খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, খুলনা জেলার খালিশপুর থানার বড় বয়রা এলাকার জাকির বিশ্বাসের ছেলে মামুন বিশ্বাস (৪০) এবং খুলনা সদর থানার টুটপাড়া এলাকার মৃত তোতা শেখের ছেলে মো. বিল্লাল শেখ ওরফে মনির (৫৭)।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজন আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া পুরো ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিজস্ব প্রতিনিধি নওগাঁ 

















