
নওগাঁর রাণীনগরে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে এক কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একই অভিযানে ১১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সেলিম খন্দকার নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই তাজুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার দুপুরে উপজেলার পূর্ব বালুভরা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী সবুজ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তল্লাশি করা হয়। এ সময় তার বাড়ি থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরে একই দিন বিকেলে উপজেলার খট্টেশ্বর এলাকায় অভিযান চালিয়ে সেলিম খন্দকার নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসআই তাজুল ইসলাম জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাণীনগরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এক কেজি গাঁজা উদ্ধার এবং ১১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধার করা মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে রাণীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 

















