
সরকারি চাকরিজীবীদের জন্য মোবাইল ভাতার আওতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন জাতীয় বেতনস্কেল ২০২৬ কার্যকর হলে প্রথমবারের মতো ১ম থেকে ২০তম সব গ্রেডের সরকারি কর্মচারী এ ভাতার আওতায় আসবেন। তবে আগের তুলনায় ভাতার হার কমানোর সুপারিশ করেছে সচিব কমিটি।
বর্তমানে ১ম থেকে ৫ম গ্রেডের সরকারি কর্মচারীরা মোবাইল ভাতা পেয়ে থাকেন। নতুন কাঠামোতে ৬ষ্ঠ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদেরও এ সুবিধার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি দাপ্তরিক কাজে মোবাইল ফোন ও ইন্টারনেটের ব্যবহার বাড়ায় সব স্তরের কর্মচারীর প্রয়োজন বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ৩১ আগস্ট অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে মোবাইল ভাতার আওতা সম্প্রসারণের বিষয়টি জানানো হয়।
কোন গ্রেডে কত মোবাইল ভাতা
বর্তমান নিয়মে ১ম থেকে ৩য় গ্রেডের কর্মকর্তারা মাসে ১ হাজার ৫০০ টাকা এবং ৪র্থ ও ৫ম গ্রেডের কর্মকর্তারা ১ হাজার টাকা করে মোবাইল ভাতা পান।
জাতীয় বেতন কমিশন ২০২৫-এর সুপারিশে ৬ষ্ঠ থেকে ১০ম গ্রেডের জন্য মাসে ৫০০ টাকা এবং ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য ৪০০ টাকা মোবাইল ভাতার প্রস্তাব করা হয়েছিল। সে হিসাবে ১ম-৩য় গ্রেডে ১ হাজার ৫০০, ৪র্থ-৫ম গ্রেডে ১ হাজার, ৬ষ্ঠ-১০ম গ্রেডে ৫০০ এবং ১১তম-২০তম গ্রেডে ৪০০ টাকা দেওয়ার কথা ছিল।
তবে সচিব কমিটি সব গ্রেডকে ভাতার আওতায় রাখার বিষয়ে একমত হলেও ভাতার পরিমাণ কমানোর সুপারিশ করেছে। কমিটির প্রস্তাব অনুযায়ী, ১ম থেকে ৫ম গ্রেডে মাসে ৫০০ টাকা এবং ৬ষ্ঠ থেকে ২০তম গ্রেডে ১৫০ টাকা করে মোবাইল ভাতা দেওয়ার কথা রয়েছে।
কমিশনের প্রস্তাবিত হারে ভাতা বাস্তবায়ন করা হলে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও করপোরেশন বাদে সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় প্রায় ৬০৬ কোটি টাকা হতে পারত।
সচিব কমিটির এক কর্মকর্তা বলেন, সরকারি দাপ্তরিক যোগাযোগে এখন প্রায় সব স্তরের কর্মচারীকেই মোবাইল ফোন ব্যবহার করতে হয়। তাই সব গ্রেডকে ভাতার আওতায় আনা যৌক্তিক। তবে সরকারের অতিরিক্ত ব্যয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে ভাতার হার পুনর্নির্ধারণের প্রয়োজন হয়েছে।
ধাপে ধাপে কার্যকর হবে নতুন বেতনস্কেল
জাতীয় বেতনস্কেল ২০২৬ আগামী ১ জুলাই থেকে পর্যায়ক্রমে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর্থিক ব্যয় ও মূল্যস্ফীতির ওপর সম্ভাব্য প্রভাব বিবেচনায় ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে।
নতুন বেতনস্কেলের আওতায় প্রায় ২৪ লাখ সামরিক ও বেসামরিক সরকারি কর্মচারী সুবিধা পাবেন। পাশাপাশি প্রায় সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী এবং অন্যান্য যোগ্য সুবিধাভোগীও এর আওতায় আসবেন।
বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য ৩ হাজার টাকা ভাতা
নতুন বেতনস্কেলে সরকারি কর্মচারীদের জন্য আরও কিছু নতুন সুবিধা যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে রয়েছে বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য মাসিক ভাতা।
সিদ্ধান্ত অনুযায়ী, কোনো সরকারি কর্মচারীর বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে প্রতি সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। নতুন বেতনস্কেল কার্যকর হলে এটি সরকারি কর্মচারীদের জন্য অন্যতম নতুন সুবিধা হিসেবে যুক্ত হবে।
আমাদের আত্রাই ডেস্ক রিপোর্ট 

















