
নওগাঁয় মাদকবিরোধী অভিযান জোরদার করেছে জেলা পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ১০ জন মাদক কারবারিসহ মাদক সংশ্লিষ্ট মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় জেলার মহাদেবপুর, মান্দা, পোরশা, পত্নীতলা ও নিয়ামতপুর থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৬১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫০ পিস ইয়াবা এবং পাঁচ শতাধিক লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়। এসব ঘটনায় ১০ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মাদক সেবনের অভিযোগে আরও পাঁচজনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।
পৃথক অভিযানের বিবরণ
ডিবি পুলিশের অভিযান:
ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মান্দায় অভিযান:
মান্দা থানা পুলিশের অভিযানে ২৪টি ট্যাপেন্টাডল ও ৫০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
পোরশায় অভিযান:
পোরশা থানা পুলিশের অভিযানে পাঁচ শতাধিক লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়। পরে সেগুলো ধ্বংস করা হয়। এ ঘটনায় একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
নিয়ামতপুরে অভিযান:
নিয়ামতপুর থানা পুলিশের অভিযানে ১৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আসামিকে গ্রেফতার করা হয়।

পত্নীতলায় অভিযান:
পত্নীতলা থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ৩৬টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এছাড়া মাদক সেবনের অভিযোগে আরও পাঁচজনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সমগ্র জেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদকের বিস্তার রোধে তিনি পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক নওগাঁ 


















