
নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯৬০ গ্রাম শুকনো গাঁজাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নওগাঁ সদর থানাধীন সুইপার কলোনি ও নুনিয়াপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নওগাঁ সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে গঠিত বিশেষ টিম এ অভিযান চালায়।
অভিযানকালে খাঁস নওগাঁ এলাকার মৃত দিপু হাড়ির ছেলে শ্রী আদিল হাড়ি এবং সুইপার কলোনি এলাকার মৃত শ্যাম জমাদারের ছেলে শ্রী পতুল জমাদার (৪৮)-এর কাছ থেকে উপস্থিত লোকজনের সামনে সর্বমোট ৯৬০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
এ ছাড়া মাদক সেবনরত অবস্থায় এবং অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও আটজনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে মাদকদ্রব্য হেফাজতে রাখা ও সেবনের অভিযোগে মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিজস্ব প্রতিবেদক নওগাঁ 

















