
নওগাঁর আত্রাইয়ে নতুন আঞ্চলিক পত্রিকা ‘আত্রাই’-এর প্রকাশনা উপলক্ষে আলোচনা সভা, প্রকাশনা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে ‘আত্রাই’ পত্রিকা পরিবারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে ‘আত্রাই’ পত্রিকার প্রকাশনা সম্পাদক সাংবাদিক ফরিদুল আলম পিন্টুর সভাপতিত্বে এবং মিতু ও জাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন এগ্রো ওয়ান গ্লোবাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সামিউল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য দেন আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সদস্য সচিব আনিসুল রহমান বুলু, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক নিয়ামত আলী বাবু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম, অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক দ্বীন মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান বুলু, বীর মুক্তিযোদ্ধা আফিল উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান, কবি মোজাম্মেল হক, আরিফুজ্জামান লেবুসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে মো. সামিউল ইসলাম বলেন, একটি আঞ্চলিক পত্রিকা কেবল সংবাদ প্রকাশের মাধ্যম নয় এটি একটি এলাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সাধারণ মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি।
তিনি বলেন, ‘আত্রাই’ পত্রিকা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের মাধ্যমে এলাকার শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে সমাজ ও দেশের কল্যাণে সম্পৃক্ত করতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীরা সংগীত ও বিভিন্ন পরিবেশনায় অংশ নেন।
পরে আমন্ত্রিত অতিথি ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে ‘আত্রাই’ পত্রিকার প্রকাশনা উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।
নিজস্ব প্রতিবেদক 


















