
নওগাঁর আত্রাই নদীতে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং নদী ও জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার খাদ্য গুদাম ঘাট এলাকায় আত্রাই নদীতে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নদীতে পোনামাছ অবমুক্ত করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৬-২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে উপজেলার খাদ্য গুদাম সংলগ্ন আত্রাই নদীর ঘাট, উপজেলা পরিষদ পুকুর, থানা পুকুরসহ বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সহসভাপতি মো. সাইফুল ইসলাম মৃধা, যুবদলের সিনিয়র আহ্বায়ক মো. খোরশেদ আলম, আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন রকেটসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
সংশ্লিষ্টরা জানান, পরিকল্পিতভাবে নদী ও জলাশয়ে পোনামাছ অবমুক্ত করার মাধ্যমে মাছের প্রাকৃতিক প্রজনন ও উৎপাদন বৃদ্ধি পাবে। একই সঙ্গে দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ, জলজ সম্পদের ভারসাম্য রক্ষা এবং স্থানীয় মানুষের জন্য মাছের সহজলভ্যতা বাড়াতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিজস্ব প্রতিবেদক 

















