
মানিকগঞ্জের পার্শ্ববর্তী ঢাকার ধামরাইয়ে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। তবে ভয়াবহ এ দুর্ঘটনায় কোনো আঘাত ছাড়াই অক্ষত অবস্থায় বেঁচে গেছে সাদিয়া নামে ছয় বছরের এক শিশু।
বৃহস্পতিবার বিকেলে ধামরাই উপজেলার পশ্চিম নান্দেশ্বরী বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টাঙ্গাইল জেলার জাকারিয়া (১৩), আখি আক্তার (২৫) ও সিএনজি চালক জুয়েল (৪০)। আহতরা হলেন লাকী আক্তার (৩২), আবুল হোসেন (৬৫) ও সেলিম (৩৫)। তাদের উদ্ধার করে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে পশ্চিম নান্দেশ্বরী বটতলা এলাকায় যাত্রীবোঝাই অটোরিকশাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের জোরালো মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক জুয়েল নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত আখি আক্তারের বাবা আহত আবুল হোসেন জানান, চালকসহ অটোরিকশাটিতে মোট সাতজন ছিলেন। দুর্ঘটনার তীব্রতায় তিনজন প্রাণ হারালেও ছয় বছরের শিশু সাদিয়া সম্পূর্ণ অক্ষত অবস্থায় বেঁচে গেছে।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। সাটুরিয়া থানা পুলিশ জানিয়েছে, আহতদের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে এবং দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মানিকগঞ্জ প্রতিনিধি 
















