
নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি ও বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির জেলা প্রতিনিধি, প্রবীণ সাংবাদিক আবু বক্কর সিদ্দিক আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর আকস্মিক ও অকাল মৃত্যুতে নওগাঁর সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আবু বক্কর সিদ্দিকের আকস্মিক মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে শোকের আবহ তৈরি হয়। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সহকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন।
তাঁর সান্নিধ্যে আসা সহকর্মী ও পরিচিতজনরা জানান, আবু বক্কর সিদ্দিক ছিলেন সজ্জন, সদাহাস্যোজ্জ্বল ও আন্তরিক মনের একজন মানুষ। পেশাগত জীবনে তিনি ছিলেন দায়িত্বশীল ও সহকর্মীবান্ধব। তাঁর অকাল প্রয়াণে নওগাঁর সাংবাদিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
সহকর্মীরা বলেন, তাঁর সঙ্গে কাটানো সময়, আন্তরিক ব্যবহার ও সুন্দর স্মৃতিগুলো দীর্ঘদিন সবার মনে বেঁচে থাকবে। হঠাৎ করে তাঁর এভাবে চলে যাওয়া সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
তাঁরা মহান আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন মরহুম আবু বক্কর সিদ্দিককে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।
নিজস্ব প্রতিবেদক নওগাঁ 
















