
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নওগাঁর রাণীনগরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে উপজেলা যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বেলা ১১টা থেকে উপজেলা সদরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থানে মশক নিধন ওষুধ স্প্রে, জঙ্গল পরিষ্কার, সড়ক ও অলিগলিতে জমে থাকা আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়।
সোমবার উপজেলা সদরের থানা চত্বর থেকে এ কর্মসূচির শুরু হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাক্কির হোসেনের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, সিরাজ-এ আলম, ফরহাদ হোসেন মন্ডল ও মাজেদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খাঁন লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন ও সাখাওয়াত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন টনি এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুলসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে নেতাকর্মীরা মশার প্রজননস্থল ধ্বংস, আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 


















