
নওগাঁয় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) রাত আড়াইটার দিকে নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের নওগাঁ-বদলগাছী সড়কের দারোগার ইটভাটা, কাউয়াতলী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁ সদর উপজেলার আনন্দনগর এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে মো. মাসুদ (৩৫), উকিলপাড়া এলাকার মো. ভুট্টু কসাইয়ের ছেলে মো. হাসান (৩২) এবং আনন্দনগর এলাকার মৃত সামাদ দেওয়ানের ছেলে মো. সজীব দেওয়ান (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা পুলিশের একটি বিশেষ টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কয়েকজন ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে সেখানে সমবেত হয়েছিলেন বলে পুলিশের দাবি। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা একটি চাইনিজ কুড়াল, দড়ি, হাসুয়া, বাস ও লোহার পাইপসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। তাঁরা চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত বলে পুলিশের দাবি। এ ছাড়া তাঁরা বৈদ্যুতিক লাইন, মিটার ও তার কাটার কাজে পারদর্শী বলেও জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় পালিয়ে যাওয়া অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করে তাঁদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ডাকাতি প্রতিরোধ ও অপরাধ দমনে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক নওগাঁ 


















