
নির্বাচনে পরাজয়ের পর জামায়াতে ইসলামী অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। তিনি বলেন, নির্বাচনে হেরে গেলেই জামায়াত পাগলামি শুরু করে। তাদের এ ধরনের কর্মকাণ্ডের একটি নির্দিষ্ট সীমা থাকা উচিত।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ফাসিয়াতলা লঞ্চঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদের ভাঙনরোধে জরুরি তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি খোকন তালুকদার বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে ‘বটবাহিনী’র মাধ্যমে অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে। নির্বাচনে পরাজয়ের পর এমন আচরণ করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
নদীভাঙন প্রতিরোধে সরকারের পদক্ষেপ তুলে ধরে সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী ও পানিসম্পদমন্ত্রীর নির্দেশনা রয়েছে, যেখানে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা প্রয়োজন, সেখানে দ্রুত কাজ করতে হবে। এ বিষয়ে ডিও লেটারের মাধ্যমে সরকারকে অবহিত করা হচ্ছে। নদীভাঙন রোধে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদার, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মাইনুল ইসলাম মামুন, যুবদল নেতা মামুন শিকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার এবং আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি জিন্নাত আলী সরদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি 


















