
কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে চট্টগ্রামের কেরানিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
জানা গেছে, শনিবার (৭ নভেম্বর) ভোরে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল সুন্নিয়া ইসলামিয়া মাদরাসা থেকে কক্সবাজারের উদ্দেশে দুটি বাসে শিক্ষাসফরে রওনা হন শিক্ষক ও শিক্ষার্থীরা। পথে চট্টগ্রামের কেরানিরহাট রেলক্রসিং সংলগ্ন এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলে বা হাসপাতালে নেওয়ার পর মাদরাসার এক শিক্ষকসহ দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হন।
পরে স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টরা আহতদের উদ্ধার করে স্থানীয় বিজিসি ট্রাস্ট হাসপাতালে পাঠান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার কারণ এবং হতাহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিজস্ব প্রতিবেদক 


















