
নওগাঁর মহাদেবপুরে নকল ও ভেজাল সার-কীটনাশক উৎপাদনের দায়ে দুটি প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও উপজেলা প্রশাসন। অভিযানে প্রতিষ্ঠান দুটিকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি প্রতিষ্ঠানের মালিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৭ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিবগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে লাইসেন্সবিহীন ও অননুমোদিতভাবে নিম্নমানের ভেজাল সার ও কীটনাশক উৎপাদনের দায়ে ‘এসডি এগ্রোভেট’কে ১ লাখ টাকা এবং ‘জেড ই এগ্রো’কে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আইন অমান্য করে ভেজাল পণ্য উৎপাদনের অপরাধে জেড ই এগ্রোর স্বত্বাধিকারী দেলোয়ার হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজ।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, কৃষকদের স্বার্থ রক্ষা, নিরাপদ ফসল উৎপাদন নিশ্চিত করা এবং বাজারে ক্ষতিকর নকল কৃষি উপকরণের বিস্তার রোধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। কৃষি খাতকে সুরক্ষিত রাখতে ভেজাল সার ও কীটনাশক উৎপাদন এবং বিপণনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে মহাদেবপুর উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি 


















