
চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সাড়ে ৮ লাখ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহ করবে সরকার। এর মধ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কেনা হবে। পাশাপাশি ৪৯ টাকা কেজি দরে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা কেজি দরে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
খাদ্যমন্ত্রী জানান, আগামী ১৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু হবে। এ কার্যক্রম চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যদিকে চাল সংগ্রহ শুরু হবে ১ ডিসেম্বর থেকে, যা চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
সরকারের এ সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে অভ্যন্তরীণ বাজার থেকে ধান ও চাল সংগ্রহের পাশাপাশি কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে সুগন্ধি চাল রপ্তানির বিষয়ে এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, দেশে উৎপাদন কমে যাওয়ায় আপাতত সুগন্ধি চাল রপ্তানি করছে না সরকার।
নিজস্ব প্রতিবেদক 


















