
নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য র্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা সমবায় কার্যালয় ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় সমবায়ীদের উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সকাল ১০টা ৫ মিনিটে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী ও স্বাবলম্বী করতে সমবায়ের কোনো বিকল্প নেই। সমবায়ের সঠিক চর্চার মাধ্যমে বেকারত্ব দূর করার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করা সম্ভব। সরকার সমবায় খাতের উন্নয়ন ও সমবায়ীদের কল্যাণে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমবায়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আত্রাই উপজেলা সমবায় কর্মকর্তা এস এম নিজাম উদ্দিন আহমেদ। পরে স্থানীয় সমবায়ীরা তাঁদের বক্তব্য তুলে ধরেন। এ সময় আমন্ত্রিত অতিথিরাও সমবায় আন্দোলনের গুরুত্ব, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে বক্তব্য দেন।
উপজেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা পি. এম. কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জল হোসেন মীরসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সমবায়ী ও সাংবাদিকবৃন্দ।
দিবসটি উদযাপনের মধ্য দিয়ে সমবায়ের গুরুত্ব, পারস্পরিক সহযোগিতা এবং সম্মিলিত উদ্যোগে দেশের অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা।
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি 


















