
নওগাঁয় শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’। আগামী ১০ নভেম্বর বিকেল ৩টায় জেলা স্টেডিয়াম মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ আয়োজনকে ঘিরে জেলার ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা ক্রীড়া সংস্থার হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তথ্য তুলে ধরেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার এনামুল হক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাজ্জু এবং জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় টুর্নামেন্টের থিম সং, ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের প্রতিযোগিতায় জেলার ১১টি উপজেলা ও একটি পৌরসভা থেকে মোট ১২টি দল অংশ নেবে। টুর্নামেন্টকে ঘিরে পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নে মাইকিং, বিলবোর্ড ও পোস্টারের মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল খেলা।
এনামুল হক বলেন, যুবসমাজকে মাঠমুখী করা এবং তৃণমূল পর্যায় থেকে মেধাবী ও দক্ষ ফুটবলার তৈরি করাই এ টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য। স্থানীয় পর্যায়ে ফুটবলের বিকাশ এবং নতুন খেলোয়াড় তৈরিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, গত দুই বছর ধরে নওগাঁর ফুটবলে স্থানীয় খেলোয়াড়দের প্রাধান্য দেওয়ার নীতি অনুসরণ করা হচ্ছে। স্থানীয় টুর্নামেন্টগুলোতে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না। অতীতে কিছু টুর্নামেন্ট শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে আয়োজন করা হলেও স্থানীয় খেলোয়াড়দের যথাযথ গুরুত্ব দেওয়া হতো না। সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে নিজস্ব প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শিগগিরই একটি বার্ষিক ক্রীড়া ক্যালেন্ডার প্রণয়ন করা হবে। এর আওতায় ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল ও ভলিবল প্রতিযোগিতা ইউনিয়ন ও উপজেলা পর্যায় থেকে ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।
এসব প্রতিযোগিতা থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে শক্তিশালী জেলা দল গঠন এবং তাদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে নওগাঁয় ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে।
নিজস্ব প্রতিবেদক নওগাঁ 


















