
নওগাঁর আত্রাইয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় আত্রাই উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোঃ আলাউল ইসলাম।
সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির ওপর ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা চালায়। সেই বিভীষিকাময় রাতের স্মৃতি জাতির কাছে আজও বেদনার। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে।
বক্তারা আরও বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরবের দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। তাই স্বাধীনতার প্রকৃত ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক, আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম, বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, উপজেলা প.প. কর্মকর্তা ডা: খায়রুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাজহারুল ইসলাম প্রমূখ।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ সুধীজন উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।
নিজস্ব প্রতিবেদক 












